সংবাদ লিপি
বন ও পরিবেশ সুরক্ষায় ‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবি

গাজীপুর, ৬ অক্টোবর ২০২৬:
গাজীপুরের বন ও পরিবেশ সুরক্ষা, বনভূমি দখলমুক্তকরণ, বন অপরাধ নিয়ন্ত্রণ এবং বন বিভাগের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দাবিতে গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) ও জনস্বার্থ উন্নয়ন ট্রাস্ট (PID Trust)-এর যৌথ উদ্যোগে আজ গাজীপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় জয়দেবপুরের শহীদ নিয়ামত সড়কে অবস্থিত শায়লা কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে বন ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৫ দফা দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চলসমৃদ্ধ জেলা। এ জেলার বনভূমি শুধু স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নয়, বরং জীববৈচিত্র্য, জলবায়ু, জনস্বাস্থ্য এবং সামগ্রিক পরিবেশ সুরক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বনভূমি জবরদখল, অবৈধ স্থাপনা, বন উজাড় এবং বিভিন্ন ধরনের বন অপরাধের কারণে গাজীপুরের বন ও পরিবেশ ক্রমাগত হুমকির মুখে পড়ছে।

তাদের মতে, শুধু আইন ও নীতিমালা থাকলেই বন রক্ষা সম্ভব নয়; প্রয়োজন কার্যকর প্রশাসনিক কাঠামো, মাঠপর্যায়ে নিয়মিত তদারকি, দ্রুত আইন প্রয়োগ এবং জনগণের সহজে সেবা পাওয়ার সুযোগ।

গাজীপুর বন বিভাগ প্রতিষ্ঠার দাবি
আয়োজকরা বলেন, বর্তমানে “ঢাকা বন বিভাগ” ও “বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগ” এর নাম ও বিভাগীয় বন কর্মকর্তাদ্বয়ের কার্যালয় রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত। অথচ এই দুই বিভাগের সম্পূর্ণ অধিক্ষেত্র গাজীপুর জেলার মধ্যে। ফলে গাজীপুরের বন ও পরিবেশ-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক সেবা, আবেদন, যোগাযোগ ও প্রয়োজনীয় কাজে সেবা প্রত্যাশীদের ঢাকায় গিয়ে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে হয়।

এতে সাধারণ জনগণ, বনসংলগ্ন এলাকার বাসিন্দা, ভূমির মালিক, বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্যান্য সেবা প্রত্যাশীদের সময়, অর্থ ও শ্রম ব্যয় হচ্ছে এবং অপ্রয়োজনীয় জনভোগান্তির সৃষ্টি হচ্ছে।

আয়োজকরা বলেন, ঢাকা বন বিভাগের ভবিষ্যৎ কাঠামো কী হবে—এটি তাদের দাবির বিষয় নয়। তাদের মূল দাবি হলো, গাজীপুর জেলার বনাঞ্চল ও বন প্রশাসনের জন্য পৃথক “গাজীপুর বন বিভাগ” প্রতিষ্ঠা করা।

গাজীপুরে পৃথক বন বিভাগ প্রতিষ্ঠা করা হলে বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক সেবা গাজীপুর থেকেই পাওয়া সম্ভব হবে। পাশাপাশি বন সংরক্ষণ, বনভূমি দখল প্রতিরোধ ও উদ্ধার, বন অপরাধ নিয়ন্ত্রণ, মাঠপর্যায়ের তদারকি এবং স্থানীয় জনগণের সঙ্গে বন বিভাগের সমন্বয় আরও কার্যকর হবে।

আয়োজকদের ৫ দফা দাবি
১. সেবা সহজীকরণ এবং বন ও পরিবেশ সুরক্ষায় “গাজীপুর বন বিভাগ” অনুমোদনক্রমে প্রস্তাবিত কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। গাজীপুরের বন প্রশাসনকে গাজীপুরকেন্দ্রিক করে বিভাগীয় পর্যায়ের সেবা স্থানীয় জনগণের জন্য সহজলভ্য করতে হবে।

২. যুগোপযোগী আইন প্রণয়ন করে বন ক্যাডার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করতে হবে। বন অপরাধ সংঘটিত হওয়ার পর দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার পরিবর্তে মাঠপর্যায়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

৩. জবরদখলকৃত বনভূমি উদ্ধারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধারকৃত বনভূমি পুনরায় দখল রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. হয়রানিমূলক বন মামলা যথাযথ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। প্রকৃত বন অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

৫. বন অপরাধে জড়িত সরকারি-বেসরকারি সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বন অপরাধের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়, প্রভাব কিংবা অবস্থান বিবেচনা না করে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে।

বন রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান
আয়োজকরা বলেন, বন রক্ষা শুধু বন বিভাগের একক দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, প্রশাসন ও জনগণের সম্মিলিত দায়িত্ব। বনভূমি রক্ষা করতে হলে বন বিভাগ, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পরিবেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

গাজীপুরের বনাঞ্চলকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বনভূমি দখল, অবৈধ স্থাপনা ও বন অপরাধের বিরুদ্ধে দৃশ্যমান ও নিরপেক্ষ আইন প্রয়োগের পাশাপাশি বন বিভাগের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

আয়োজকরা বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং বন সংরক্ষণ কার্যক্রমকে আরও শক্তিশালী করার স্বার্থে গাজীপুরে পৃথক বন বিভাগ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজকরা উপরোক্ত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং গাজীপুরের বন ও পরিবেশ রক্ষায় গণমাধ্যম, নাগরিক সমাজ, স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বিত সহযোগিতা কামনা করেন।

যৌথ আয়োজনে:
গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)
এবং
জনস্বার্থ উন্নয়ন ট্রাস্ট (PID Trust)
তারিখ: ৬ অক্টোবর ২০২৬
সময়: সকাল ১১:০০টা
স্থান: শায়লা কমিউনিটি সেন্টার, শহীদ নিয়ামত সড়ক, জয়দেবপুর, সদর, গাজীপুর।

উপস্থিতি:
মো. মোছাদ্দিকুর রহমান, সভাপতি, গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)।

মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক, গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) ও ম্যানেজিং ট্রাস্টি, জনস্বার্থ উন্নয়ন ট্রাস্ট (পিআইডি ট্রাস্ট)

প্রধান উপদেষ্টা ফেডরিক মুকুল বিশ্বাস, গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)।

নির্বাহীসহ-সভাপতি এনামুল হক, গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)।

মো: ইসমাইল মোল্যা, সহ সভাপতি, গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)।

রফিকুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক, গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *